এফডিসিতে শুটিংয়ে শিল্পী সমিতির বাঁধা
শুটিং বন্ধ করে চলে যাচ্ছেন কলাকুশলীরা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ০৭:২৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ | ০৭:৩২
এফডিসি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মান্না ডিজিটালের সামনে চলছিল একটি বিজ্ঞাপনের শুটিং। নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। কিন্তু দুপুরের পর শুটিং বন্ধ করে দেন শিল্পী সমিতির নেতা জায়েদ খান। জাতীয় শোক দিবসের মতো এমন দিনে এফডিসিতে শুটিং করা উচিত নয় বলে পরিচালককে জানান তিনি। পরে এফডিসির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বন্ধ করে দেওয়া হয় শুটিং।
পরিচালক অনম বিশ্বাস এ বিষয়ে আর কথা না বাড়িয়ে বন্ধ রাখেন শুটিং। অভিনেতা মোশাররফ করিমও বিনাবাক্যে চলে যান শুটিং সেট থেকে। সেখানে সরেজমিনে উপস্থিত ছিলেন সমকাল প্রতিবেদক। আজ শুটিং না করতে আগে কোনো নোটিশ পেয়েছিলেন কিনা পরিচালককে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো কিছু পাইনি আমি।
তবে শুটিং বন্ধ করায় তার কত টাকা লোকসান হলো জানতে চাইলে বিষটি এড়িয়ে যান এ নির্মাতা। বলেন, 'এ বিষয়ে কিছু বলার নেই। এফডিসি কর্তৃপক্ষ ও এখানকার শিল্পী সমিতি আমাকে শুটিং করতে না করা মাত্রই শুটিং বন্ধ করে দিয়েছি। আগামী কাল শুটিং করবো বাকি অংশের।'
শুটিং বন্ধ করায় কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'না এমন কিছুই নেই।'
এদিকে এফডিসির অনুমতি থাকা সত্তেও শুটিং বন্ধ করায় যোগাযোগ করা হয় শিল্পী সমিতির নেতা জায়েদ খানের সঙ্গে । তিনি বলেন, 'শুটিং বন্ধ করতে আমি বলিনি। এটা শিল্পী সমিতির পক্ষে থেকে বলা হয়েছে। তাদের কাছে অনুরোধ করা হয়েছে শোক দিবসে যেনো শুটিং না রাখেন। এই জন্য শিল্পী সমিতির সিনিয়র নেতারা এফডিসির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, আজ যেনো তারা শুটিং না রাখেন। এর পরিবর্তে যারা আজ শুটিং করছিলেন তারা যেনো আগামীকাল শুটিং করেন। এ ক্ষেত্রে কাল তাদের কাছ থেকে এফডিসিকে ভাড়া না রাখার অনুরোধও জানানো হয়েছে। তারা এটা মেনে নিয়েছেন। '
জায়েদ খান আরও বলেন, বঙ্গবন্ধুর সম্মানেই আমরা শুটিং না করতে বলেছি। আজ শোক দিবস। এ দিবসে বঙ্গবন্ধুর এফডিসিতে ক্যামেরা, লাইট, অ্যাকশন হবে এটা দুঃখজনক বিষয়। এসব বিষয়ের জন্যই কালকে শুটিং করতে বলা হয়েছে তাদের।
- বিষয় :
- এফডিসি
- শুটিংয়ে বাঁধা
- শিল্পী সমিতির
- মোশাররফ করিম