ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শিশুশিল্পীর প্রতিভা অন্বেষনে শাপলা কুড়ি প্রতিযোগিতা শুরু

শিশুশিল্পীর প্রতিভা অন্বেষনে শাপলা কুড়ি প্রতিযোগিতা শুরু
×

শাপলা কুঁড়ি প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্তরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৮

শিশুদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত ‘শাপলা কুঁড়ি’র ১৪তম আসরের প্রাথমিক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। শাপলা কুঁড়ির মতো আয়োজনের মাধ্যমে শিশুরা তাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে।’

এবারের প্রতিযোগিতায় কেরাত, আবৃত্তি, সংগীত, নৃত্য, অভিনয় ও যন্ত্রসংগীত—এই ছয়টি বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুরা অংশ নিচ্ছে। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচনে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ জোনের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির পরিচালক সামিনা সাম্পা বলেন, ‘শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে তাদের সঠিকভাবে বিকশিত করার লক্ষ্যেই শাপলা কুঁড়ির আয়োজন। আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান শিশুরা এ প্রতিযোগিতার মাধ্যমে সামনে আসুক।’

২১ সেপ্টেম্বর ক ও খ বিভাগে পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেন।  কেরাত, আবৃত্তি ও সংগীত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  পরে ৬০ জন প্রতিযোগী ইয়েস কার্ড গ্রহন করেন। আগামীকাল ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নৃত্য, অভিনয় ও যন্ত্রসংগীতের প্রতিযোগিতা।

এরপর বরিশাল, খুলনা ও যশোর জোনে ২৭ সেপ্টেম্বর কেরাত, আবৃত্তি ও সংগীত এবং ২৮ সেপ্টেম্বর নৃত্য, অভিনয় ও যন্ত্রসংগীত বিষয়ে প্রাথমিক নির্বাচন হবে। সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম জোনে ২৯ সেপ্টেম্বর কেরাত, আবৃত্তি ও সংগীত এবং ৩০ সেপ্টেম্বর নৃত্য, অভিনয় ও যন্ত্রসংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী সময়ে মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

×