শাকিবের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা সোনায় সোহাগা: ইধিকা পাল
ইধিকা পাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ০৯:৪৬ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ০৯:৪৬
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের প্রথম সিনেমাতে ছক্কা হাকিয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার নিজের অবস্থানও উঠে গেছে অনেক উপরে। বিষয়টি অপ্রত্যাশিত মনে করছেন এই অভিনেত্রী।
রবিবার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন ইধিকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হওয়াটা প্রত্যাশার বাইরে ছিল। যা যথারীতি খুবই ভালো লাগছে। আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা। শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ছোনেপে ছোহাগা।’

ইধিকা বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখেছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’
বাংলাদেশের কোনো অভিনেত্রীর অভিনয় ভালো লাগে এমন প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়ে গেলেন। বললেন, অনেকের অভিনয়ই ভালো লাগে। একজনের নাম বললে আরেকজন মন খারাপ করতে পারেন। তাই কোনো নাম নয়।’
