নতুন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ, তবে কি ছাড়ছেন অভিনয়
হাসান মাসুদ। ছবি: সমকাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৭
অভিনয়ের বাইরে হাসান মাসুদের রয়েছে আরও নানা পরিচয়। একসময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, পরে সাংবাদিকতাও করেছেন। এরপর ক্যামেরার সামনে এসে অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পান। দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে বেশ অনিয়মিত এই অভিনেতা।
সম্প্রতি একটি করপোরেট প্রতিষ্ঠানে হাসান মাসুদের যোগ দেওয়ার খবর সামনে এসেছে। এরপর থেকেই তার ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় স্থায়ী হচ্ছেন তিনি?
হাসান মাসুদ যে প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, সেটি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন অভিনেতা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারমূলক ভিডিওতেও তাকে ব্র্যান্ডিংয়ের কাজে দেখা গেছে।
এর আগে অভিনয় ছাড়ার গুঞ্জনেও পড়েছিলেন হাসান মাসুদ। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মের পথে মনোযোগ দিতে চান। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পরে বিষয়টি পরিষ্কার করে অভিনেতা জানান, চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা তিনি বলেননি। মূলত ভালো কনটেন্টের অভাবেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না তিনি।
এদিকে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। এবার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবর সামনে আসায় ফের অভিনয় থেকে দূরে সরে যাওয়ার আলোচনা শুরু হয়েছে। তবে নতুন চাকরিতে যোগ দেওয়ার অর্থই যে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়া—এমন কোনো ঘোষণা হাসান মাসুদ দেননি।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। অভিনয়, সাংবাদিকতা ও সংগীত—বিভিন্ন পরিচয়ে কাজ করা এই অভিনেতা এবার যুক্ত হলেন করপোরেট জগতেও।
- বিষয় :
- হাসান মাসুদ