ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন: চঞ্চল চৌধুরী

আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন: চঞ্চল চৌধুরী
×

রিফাত চৌধুরী ও চঞ্চল চৌধুরী। ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৬

অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেতা। এদিকে তার চিকিৎসায় সহায়তার জন্য সবার প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রিফাত চৌধুরী বলেন, ‘গতকাল রাতে আমাকে কেবিনে নেওয়া হয়েছে। এখন বেড রেস্টে রয়েছি। সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার ফাইল দেখে চিকিৎসা শুরু করা হবে।’

রিফাতের অসুস্থতার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি, কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তাঁর চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না!’

রিফাতের চিকিৎসায় সহায়তার অনুরোধ জানিয়ে চঞ্চল আরও লেখেন, ‘যারা ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন, অথবা যাঁরা ওনার কবিতা বা অভিনয়ের ভক্ত বা সহকর্মী আছেন, অথবা আমাদের টেলিভিশন বা সিনেমা মিডিয়ার যতগুলো সংগঠন আছে, অথবা সরকারিভাবেও যদি ওনার সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট সকলের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ বা আহ্বান, আসুন আমাদের সাধ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়াই।’

এদিকে রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। সংবাদমাধ্যমকে তিনি জানান, অভিনেতার চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রয়োজন।

আরও পড়ুন

×