অভিনেতা মুশতাক খান মারা গেছেন
মুশতাক খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৬
হাস্যরসাত্মক গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরে কোটি দর্শকের নজর কেড়ে নেওয়া অভিনেতা মুশতাক খান মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।
শিল্পীর পারিবারিক সূত্রের বরাত দিয়ে আজকাল, আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকদিন আগে মুশতাক খানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তবে আট দিন আগে রোগটি আবার মারাত্মকভাবে বাসা বাঁধে মুশতাকের শরীরে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে ছিল তাঁর শরীরে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন মুশতাক। তারপর চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আশিকি’, ‘দিল হ্যায় কী মানতা নেহি’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড!’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাঁকে।
দর্শকের কাছে অবশ্য মুশতাক বিশেষভাবে পরিচিত তাঁর হাস্যরসাত্মক চরিত্রগুলোর জন্য। ‘ওয়েলকাম’ ছবিতে নানা পাটেকরের অভিনীত উদয় শেট্টির দলের এক সদস্যের ভূমিকায় তাঁর অভিনয় এখনও দর্শকের মনে রয়েছে। সময়ের সঙ্গে সেই চরিত্রের নানা দৃশ্য সমাজমাধ্যমে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে।
বড়পর্দার পাশাপাশি আশির দশক থেকে ছোটপর্দাতেও নিয়মিত কাজ করেছেন মুশতাক। ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। দীর্ঘ অভিনয়জীবনে কখনও মুখ্য চরিত্রে, কখনও বা বড় তারকাদের ভিড়ে পার্শ্বচরিত্রে–নিজের উপস্থিতি আলাদা করে জানান দিয়েছেন মুশতাক। কমেডি থেকে নাটক, বাণিজ্যিক ছবি থেকে টেলিভিশন বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। বলিউডে নিজের জায়গা তৈরি করার পথও সহজ ছিল না। অভিনয়জীবনের নানা ওঠাপড়া এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন অভিনেতা।
এদিকে মুশতাক খানের এই আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডে তাঁর বহু সহশিল্পী ও অনুরাগী সমাজমাধ্যমে এই গুণী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেকে স্মৃতিচারণ করেছেন।
- বিষয় :
- বলিউড
- অভিনেতা
- মারা গেছেন