সাক্ষাৎকার
একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না: মাহি
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক
বুলবুল ফাহিম
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৮
সামিরা খান মাহি। মডেল ও অভিনেত্রী। বছরজুড়ে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বিরতি শেষে আবারও লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর কয়েকটি নাটক। বিরতি কাটিয়ে ফেরা, নতুন কাজসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বুলবুল ফাহিম
বেশ কিছুদিন বিরতিতে ছিলেন...
মাঝে কিছুদিন বিরতি ছিল। টানা কাজ করলে একঘেয়েমি আসে। মনে হয়েছে, নিজেকেও একটু সময় দেওয়া দরকার। এ ছাড়া ঈদের পর তো আমাদের একটা বিরতি থাকেই। সেই বিরতির সঙ্গে কিছু সময় বাড়িয়ে নিজেকে সময় দিয়েছি। সেই সময়টা দেশ-বিদেশ ঘুরেছি। এরপর ফিরে কাজে মন দিয়েছি।
সম্প্রতি মুক্তি পাওয়া নাটকগুলো নিয়ে বলুন।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমার ‘নৈশ অপেরা’ ও ‘কর্মফল’। দুটিতেই আমার সহশিল্পী নিলয় আলমগীর ভাইয়া। দুটি নাটকই দর্শক পছন্দ করছেন। প্রথমটি ১১ ঘণ্টায় এক মিলিয়ন দর্শক দেখেছেন। নাটকটির রিভিউগুলো দেখেছি। দর্শক অনেক পছন্দ করেছেন। ‘কর্মফল’ নাটকটিও ভালো গেছে।

এখন কোন গল্পগুলোতে বেশি ফোকাস করছেন?
সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে, আলাদা কিছু করার ইচ্ছা সবারই আছে। আমিও সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই। এটা একজন শিল্পী হিসেবে আমার ক্ষুধা। নানা রকম চরিত্রেই অভিনয়ের আনন্দ পাই, একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এখন পারিবারিক গল্প যেহেতু দর্শক বেশি দেখছেন, তাই এই ধরনের গল্পে বেশি কাজ করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি গল্পে কাজ করেছি, সেগুলো দারুণ সাড়া পেয়েছে।
ওটিটির জন্য নতুন কিছু করছেন?
এখন নাটক নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। ওটিটির গল্প আসছে, কিন্তু আমার মনে হয়েছে সেগুলো আমার জন্য নয়। তাই এই প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে না। ভালো গল্প পেলে অবশ্যই করব।
এই সময়ে মিডিয়ায় কোন কোন চ্যালেঞ্জ ফেস করছেন?
আমি অভিনেত্রী। এটাই আমার কাজ। প্রতিটি পেশায় চ্যালেঞ্জ থাকে। এটা থাকবেই। সেটা মোকাবিলা করে আমাদের চলতে হয়। তবে এই সময়ে আমি বড় কোনো চ্যালেঞ্জ ফেস করছি না।

সম্প্রতি অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নেমেছেন। কোন চিন্তা থেকে এই পেশায় যুক্ত হলেন?
অভিনয়ের পাশাপাশি ব্যবসা করছি, তবে সেটা কোনো বিশেষ চিন্তা থেকে নয়। প্রতিটি পেশাই আমার কাছে সম্মানের। অভিনয় আমার মূল পেশা। আমার মনে হয়েছে, আমি এখন যে পেশায় আছি, এর পাশাপাশি অন্য কোনো পেশা না থাকলে হয়তো কাজ করাটা কঠিন হয়ে যায়। সেই চিন্তা থেকেই ব্যবসায় আসা।
অভিনয় নিয়ে বর্তমানের ভাবনা কী?
অভিনয় নিয়ে তেমন কোনো ভাবনা নেই। তবে চেষ্টা করছি ভালো কিছু করার এবং ভালো ভালো গল্প দর্শককে উপহার দেওয়ার। এ ক্ষেত্রে দর্শক যে ধরনের গল্পে আমাকে গ্রহণ করবেন, সেই কাজগুলো বেশি করার চেষ্টা করব। নানা রকম চরিত্রেই অভিনয়ের আনন্দ খুঁজে পাই।
কনটেন্টে ভিউয়ের গুরুত্ব আপনার কাছে কেমন?
একটি ভালো কাজ বা ভালো গল্পে কাজ করলে অবশ্যই চাইব দর্শক সেটা দেখুক। কারণ, একটি কাজ করতে গেলে শিল্পী-কলাকুশলীদের সবার অক্লান্ত পরিশ্রম থাকে। দর্শক যদি সেই কাজ দেখেন, তাহলে সবার কষ্ট সার্থক হয়। তাই অবশ্যই আমার কাছে ভিউয়ের গুরুত্ব আছে।

এই সময়ের ব্যস্ততা কী নিয়ে?
ব্যস্ততা মোটামুটি অনেক। বর্তমানে সব নাটক নিয়েই এগিয়ে যাচ্ছি। চলতি মাসের শুরু থেকে কাজ শুরু করেছি। তারপর থেকে টানা ২৬ দিন কাজ করে যাচ্ছি। আগামীতে ভালো ভালো কাজ আসবে। আশা করি, দর্শক পছন্দ করবেন।
- বিষয় :
- সামিরা খান মাহি
- অভিনেত্রী
- নাটক
- সিনেমা