পোশাকের সমালোচনা থেকে পিতৃতন্ত্র, কৃতির মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
কৃতি শ্যানন। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৩
কিছুদিন আগে একটি গহনার বিজ্ঞাপন করে সমালোচিত হয়েছিলেন কৃতি শ্যানন। গহনার বিজ্ঞাপনে তাঁকে যে পোশাকে দেখা গেছে, তা নিয়ে রীতিমতো কটাক্ষের তীর ছোড়া শুরু করেছিলেন নেটিজেনরা। এ ঘটনায় কৃতি যে মুখে কুলুপ এঁটে ছিলেন–বিষয়টি এমনও নয়। বরং তারকারা কখন কী পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না–এমন দাবিও করেছিলেন এই বলিউড অভিনেত্রী। সে প্রসঙ্গ নিয়ে কথার লড়াই চলমান অবস্থায় বিহারে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা; যা নিয়ে কৃতি নতুন করে সরব হয়েছেন।
সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিহারের জামুইতে দশম শ্রেণির এক ছাত্রী ও তার এক সহপাঠীকে হেনস্তার অভিযোগে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক এমন আবহে নতুন আলোচনার জন্ম দিয়েছে কৃতি শ্যাননের একটি পোস্ট; যেখানে এই বলিউড অভিনেত্রী পিতৃতন্ত্রের বিরুদ্ধে নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন।
লিখেছেন, ‘বন্ধুরা, এটা পুরুষ বনাম নারীর লড়াই নয়। এই লড়াই আসলে নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেইসব মগজধোলাই হওয়া নারীর; যারা আজও মনে করেন পিতৃতন্ত্রই আসল সংস্কার বা ঐতিহ্য।’
অভিনেত্রীর এমন পোস্ট শুধু তাঁর ভক্ত-অনুরাগীদের নয়, বিস্মিত করেছে নেটদুনিয়ার বাসিন্দাদেরও; যাদের অনেকে প্রশ্ন তুলেছেন, কৃতি শ্যানন হঠাৎ পিতৃতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কেন? এ নিয়ে অনেকের মন্তব্য থেকে যা স্পষ্ট হয়েছে, তাহলো–নারী নেটবাসিন্দারা নায়িকাদের সাজপোশাক, পোশাকের ঝুল, বক্ষবিভাজিকা নিয়ে কথা বললেও নারী নির্যাতন নিয়ে সেভাবে প্রতিবাদী আওয়াজ তোলেন না, সেই পরিপ্রেক্ষিতে হয়তো সমাজের মন-মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
এমন আবহে আরেকটি পোস্ট লাইক করে কৃতি নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন; যে পোস্টে লেখা ছিল, “উৎসবের কোনো বিজ্ঞাপনে কোনো অভিনেত্রীর শরীরের বিশেষ অংশ বা ক্লিভেজ দৃশ্যমান হলে এদেশে যতটা ক্ষোভের সৃষ্টি হয়, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা বা যৌতুকের কারণে মৃত্যুর ঘটনায় ততটা হয় না–এ বিষয়টিই সমাজের অগ্রাধিকারের জায়গাটা স্পষ্ট করে দেয়।’ এমন পোস্টে সমর্থন করার পর পিতৃতান্ত্রিক মানসিকতাকে বিঁধে ওই পোস্ট ভাগ করে নিয়েছেন কৃতি শ্যানন।
প্রসঙ্গত, অভিনেত্রীর পাশাপাশি মডেল হিসেবে দর্শকহৃদয় জয় করেছেন কৃতি শ্যানন। এই বলিউড তারকার ক্যারিয়ারের মডেল হিসেবে কাজ করার বিজ্ঞাপনের সংখ্যাও একেবারে কম নয়। কোনো বিজ্ঞাপনে কাজ করার পর, কখনও সমালোচনায় পড়তে হয়নি কৃতিকে।
কিছুদিন আগে গহনার একটি বিজ্ঞাপন করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সেই বিজ্ঞাপনে যে পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন, তা অনেকে কাছে দৃষ্টিকটু বলে মনে হয়েছে। যেখানে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্টে দেখা গিয়েছে কৃতিকে।
শুধু তাই নয়, বিজ্ঞাপনে একটি সারমেয়কেও রাখি পরাতে দেখা গেছে অভিনেত্রীকে। যে কারণে বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকের অভিযোগ ছিল, মডেল হিসেবে নিজের উপস্থাপনা নিয়ে কৃতি যা করেছেন, তা অনেকটা ভারতীয় উৎসবের সঙ্গে মশকরা করার মতো।
- বিষয় :
- কৃতি শ্যানন
- বলিউড
- অভিনেত্রী