বাবার পরিচয়ে দরজা খুলবে কিন্তু পথ পাড়ি দিতে হবে নিজেকেই, নেপোটিজম নিয়ে সালমান
সালমান খান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৩
বলিউডে তারকা-সন্তানদের সুযোগ পাওয়া নিয়ে ‘নেপোটিজম’ বিতর্ক নতুন নয়। এবার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেতা ও অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। তারকা-সন্তান হওয়ার সুবিধা থাকলেও সেটি সাফল্যের নিশ্চয়তা নয়—নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠানে অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতির আচরণ নিয়ে কথা বলতে গিয়ে সালমান নেপোটিজম প্রসঙ্গটি তোলেন। উদিতি সিং ও কাজি তৌকিরের সঙ্গে তার আচরণ নিয়ে আলোচনা করতে গিয়ে সালমান তাকে মনে করিয়ে দেন, তার পরিচিতির সঙ্গে বাবার তারকা-খ্যাতির বিষয়টিও জড়িয়ে আছে।
সালমান বলেন, ‘তুমি মনোজ তিওয়ারির মেয়ে। এখন পর্যন্ত মানুষ হয়তো বলছে, তুমি তার মেয়ে বলেই পরিচিতি পেয়েছ। তিনি এত বড় অভিনেতা, গায়ক ও রাজনীতিক-তাই অনেকে মনে করেন, তুমি তার কারণেই এখানে এসেছ। এটাকেই নেপোটিজম বলা হয়। কেউ কেউ এমনও বলে, তোমাকে তো কেউ চেনে না, তবু তুমি এখানে।’
তবে তারকা-সন্তান হিসেবে জন্ম নেওয়াকে কোনোভাবেই সন্তানের দোষ হিসেবে দেখেন না সালমান। তার ভাষায়, ‘তোমার বাবা অনেক পরিশ্রম করেছেন। তার সন্তান হিসেবে জন্ম নেওয়া তোমার দোষ নয়। বরং যেসব বাবারা নিজেদের জায়গা তৈরি করতে অনেক পরিশ্রম করেছেন, তাদের সন্তানরাও সেই পথ ধরে এগিয়ে এসে এখানে জায়গা করে নিয়েছে।’
নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে সালমান আরও বলেন, বাবার পরিচয় চলচ্চিত্রে প্রবেশের দরজা খুলে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্য এনে দিতে পারে না।
সালমানের ভাষায়, ‘আমার বাবা একজন লেখক। তিনি চলচ্চিত্রে ছিলেন, তবে আমাদের পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। সেখান থেকে আমি একটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার সংগ্রাম ছিল আলাদা। আমি মডেলিংয়ের মাধ্যমে শুরু করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি অজয় দেবগনের বাবা বীরু দেবগনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি প্রথমে ফাইটার ছিলেন, পরে অ্যাকশন ডিরেক্টর হন। সেখান থেকে অজয় এসেছেন। সানি দেওল, ববি দেওল, জ্যাকি, হৃতিক রোশন-তাদের প্রত্যেকের নিজস্ব গুণ রয়েছে।’
ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অনেকেই যেমন সফল হয়েছেন, তেমনি ব্যর্থও হয়েছেন-উল্লেখ করে সালমান বলেন, তারকা-সন্তানদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তার ভাষায়, ‘অনেক তারকা-সন্তান প্রথম সিনেমার সুযোগ পেয়েছে, কিন্তু এরপর জনপ্রিয় হতে পারেনি। তারা দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি। আবার অনেকে পেরেছে। তাই তোমার বাবার পরিশ্রম তোমাকে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপর তোমার সাফল্য নির্ভর করবে তোমার নিজের ওপর।’
রীতিকে উদ্দেশ করে সালমান আরও স্পষ্ট করে দেন, তারকা-সন্তান হওয়ার কারণে অনুষ্ঠানে তিনি কোনো বিশেষ সুবিধা পাবেন না। একই সঙ্গে তার আচরণের প্রভাব তার বাবা মনোজ তিওয়ারির ভাবমূর্তিতেও পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
- বিষয় :
- সালমান খান
- বলিউড