ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাইলসের আন্তর্জাতিক সফরটা সত্যিই বিস্ময়কর: শাফিন

মাইলসের আন্তর্জাতিক সফরটা সত্যিই বিস্ময়কর: শাফিন
×

মেমি আজাদ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৫:১২ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ | ০৫:২৯

শাফিন আহমেদ। মাইলস ব্যান্ডের তারকা কণ্ঠশিল্পী। মাইলসের চার দশক পথচলা স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশে আয়োজিত কনসার্ট ও উৎসবে অংশ নিচ্ছেন তিনি। ব্যান্ডের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে-

মাইলস ব্যান্ডের চার দশক পূর্ণ হলো। শুরু থেকে সমান জনপ্রিয়তা ধরে রেখে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা কখনও ভেবেছিলেন?

বিষয়টা অভাবনীয়। মূল সদস্য নিয়ে, একই রকম জনপ্রিয়তা ধরে রেখে মাইলস এতটা পথ পাড়ি দেবে- এমন ভাবনা অনেকেরই ছিল না। তাই চার দশকের পথচলা ছিল বিস্ময়কর। এদিক থেকে আমরা কৃতজ্ঞ সেইসব শ্রোতার কাছে, যারা এত দিন আমাদের পাশে ছিলেন এবং এখনও আছেন; আমাদের গান শুনছেন, ভালো লাগার কথা প্রকাশ করছেন এবং নতুন নতুন আয়োজনের খোঁজখবর নিচ্ছেন। শ্রোতার সমর্থন, ভালো লাগার প্রকাশ যেমন ছিল, তেমনি আমাদেরও ছিল সংগীত সৃষ্টির অদম্য নেশা এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাওয়ার প্রচেষ্টা। আমরা কখনও সংগীত সৃষ্টির বিষয়ে ফাঁকি দিইনি, শর্টকাটে কাজ করার প্রবণতাও কখনও ছিল না। হয়তো এ কারণেই মাইলস শুরু থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়।

চার দশক পূর্তিতে দেশ-বিদেশে নানা আয়োজন করছেন। কেমন সাড়া পাচ্ছেন এসব আয়োজন নিয়ে?

চার দশক পূর্তির আন্তর্জাতিক সফর যতটা বিস্ময়কর, ঠিক ততটাই ছিল আনন্দময়। প্রতিটি কনসার্টে এত দর্শক আমাদের গান শোনার জন্য আসবেন, আনন্দ-উল্লাসে মেতে উঠবেন- সত্যিই কল্পনা করিনি। এ বছর জুনের মাঝামাঝি শুরু হয়েছিল আমাদের এ সফর। যেখানে রেকর্ড সংখ্যক ২৮টি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিয়েছে মাইলস। এর মধ্যে ১৮টি ছিল যুক্তরাষ্ট্রে, সাতটি ছিল কানাডায় এবং তিনটি অস্ট্রেলিয়ায়। ইউরোপেও যাওয়ার কথা ছিল। কিন্তু আগেই আমরা জানিয়েছিলাম, ডিসম্বরে দেশের চার দশক পূর্তির কনসার্ট করব। তাই শিডিউল বদলে ইউরোপ সফরে যাওয়া হয়নি। তবে ইচ্ছা আছে, পরে কোনো একসময় চার দশক পূর্তির কনসার্টের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করার।

ঢাকায় কবে মাইলসের গ্র্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হবে?

আগামী ২৭ ডিসেম্বর আমরা ঢাকায় চার দশক পূর্তির গ্র্যান্ড কনসার্ট করব। সেখানে মাইলস ছাড়াও আরও কিছু ব্যান্ড পারফর্ম করবে। তাদের পরিবেশনায় থাকবে মাইলসের জনপ্রিয় গানগুলো। সব মিলিয়ে এটিকে মাইলসের স্মরণীয় একটি কনসার্টে পরিণত করার সব রকম চেষ্টা থাকবে। তবে ঢাকার আগে দেশের অন্যান্য স্থানেও কিছু কনসার্ট করার পরিকল্পনা আছে।

কোনো নতুন গান বা অ্যালবাম চার দশক পূর্তি উপলক্ষে প্রকাশ করার পরিকল্পনা আছে?

আমাদের পুরোনো কিছু কাজ আছে, যা মাইলসের এই সুবর্ণ সময়ে অ্যালবাম আকারে প্রকাশের পরিকল্পনা আছে। ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে আমাদের ৩০ মিনিটের একটি ইনস্ট্রুমেন্টাল প্রচার হয়েছিল, যা প্রতিদিন চ্যানেলের লোগো উন্মোচনের সঙ্গে বাজানো হতো। প্রায় দু'বছর এই ইনস্ট্রুমেন্টাল টিভিতে বাজানো হয়েছে। এটা চ্যানেলের সিগনেচার টিউনের মতো হয়ে গিয়েছিল। সে সময় অনেকে টিভি খুলে বসে থাকত আমাদের এই ইনস্ট্রুমেন্টাল শোনার জন্য। সেই ইনস্ট্রুমেন্টালসহ আরও কিছু ট্র্যাক রি-মাস্টার করে অ্যালবামে রাখার ইচ্ছা আছে।

আপনাদের ইউটিউব চ্যানেল মাইলস টিভির জন্য নতুন কোনো আয়োজন নিয়ে ভাবছে?

আমাদের প্রথম দুটি ইংরেজি গানের অ্যালবাম 'মাইলস' ও 'এ স্টেপ ফার্দার' এবং বাংলা দুটি সিঙ্গেল নিয়ে প্রকাশ পাওয়া 'প্রয়াস'-এর গানগুলো এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরিকল্পনা চলছে।

দেশের বাইরে প্রকাশিত মাইলসের 'প্রবর্তন' অ্যালবামটি এ দেশের শ্রোতাদের জন্য আলাদা করে প্রকাশ পাবে?

'প্রবর্তন' অবশ্যই দেশের শ্রোতাদের জন্য আলাদা করে প্রকাশ করা হবে। যেহেতু আমরা দেশের বাইরের শ্রোতাদের জন্য এটি সনি মিউজিক থেকে প্রকাশ করেছি, তাই একটা নির্দিষ্ট সময় পর অ্যালবামটি এ দেশে প্রকাশ করা যাবে, তার আগে নয়।

আরও পড়ুন

×