ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা ভক্ত ফাহিমের স্বপ্নপূরণ

আর্জেন্টিনা ভক্ত ফাহিমের স্বপ্নপূরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১১:৩২ | আপডেট: ০৪ জুলাই ২০২৩ | ১৩:৫৮

আর্জেন্টিনা ভক্তদের কাতার বিশ্বকাপ ২০২২ জয়ের উন্মাদনার রেশ এখনও কাটেনি। মেসির শেষ বিশ্বকাপে বিজয় কামনা ছিল প্রত্যেক আর্জেন্টাইন ভক্তের একমাত্র চাওয়া। পরিশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মাধ্যমে সকল ভক্তের স্বপ্নপূরণ হয়। কিন্তু তারপরও বাঙালি ভক্তদের মনে আক্ষেপ ছিল মেসিদের একবার কাছ থেকে দেখার জন্য।

সেই আক্ষেপ পুরোপুরি পূরণ না হলেও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর মাতিয়ে গেল বাঙালি ফুটবল প্রেমিকদের মন। সবাই কাছ থেকে সুযোগ না পেলেও এমিকে দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন অন্যতম বাংলাদেশি আর্জেন্টাইন ভক্ত ফাহিম।

এর আগে ফাহিম আর্জেন্টিনা দলের সাবেক থেকে বর্তমান সব ধরনের জার্সি নিজের সংগ্রহে রেখেছেন। তিনি বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনা এবং প্রিয় খেলোয়াড় মেসি-মার্টিনেজের খেলা দেখতে পাড়ি জমান আরব আমিরাতের আবুধাবিতে। তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন এই ফুটবলপ্রেমিক। সেই আক্ষেপ পুষে রাখেন মনে। তবে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়েছে ফাহিমের। তিনি বলেন, ‘স্বপ্নেও কল্পনা করিনি বিশ্ব চ্যাম্পিয়ন এমির সঙ্গে দেখা করতে পারবো, সেটা আবার আমারই দেশে।’

ফাহিম বলেন, এমির সঙ্গে সেলফি তোলা তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো মুহূর্তের মধ্যে একটি। তিনি বলেন, ‘আমার পরবর্তী স্বপ্ন মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে ছবি তোলা।’

সোমবার ভোরে ঢাকায় এসে পৌঁছান বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দুর্দান্ত ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে অল্প সময়ের মধ্যে কোটি কোটি ভক্ত-সমর্থকদের মন জয় করা এই খেলোয়াড়ের সঙ্গে দেখা করেন ফাহিম। তার সঙ্গে সেলফিও তোলেন। এজন্য ফাহিমকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আয়মান এবং নিয়ন।

আরও পড়ুন

×