ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ম্যাডাম তুলি

ম্যাডাম তুলি
×

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৮:০০

সামাজিক মাধ্যমে ঘুরলেই এখন চোখে পড়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ফুটপাতে শুয়ে রয়েছে এক তরুণ। তার পেছনের দেয়ালে শোভা পাচ্ছে একটি সিনেমার পোস্টার। সেই পোস্টারে দেখা যাচ্ছে ইয়ামিন হক ববিকে। পোস্টারে সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ম্যাডাম তুলি’। কে এই ম্যাডাম তুলি? আলাপের শুরুতেই ববি বলেন, “পোস্টারটি প্রকাশের পর ম্যাডাম তুলিকে নিয়ে অনেকের আগ্রহ বেড়েছে। আসলে এটি রূপক নাম। সিনেমারই চরিত্র। গল্পে এক নির্মাতা নয়নতারাকে নিয়ে ‘ম্যাডাম তুলি’ নামে একটি সিনেমা তৈরি করেছেন। এতে দেখা যাবে, ফিল্ম ইন্ডাস্ট্রির এক নায়িকার উত্থান-পতন। সিনেমার সূত্র ধরেই গল্প এগিয়ে যায়। এতে আমার চরিত্র ওই সিনেমার নায়িকার।”

শোবিজ দুনিয়ার জীবনঘনিষ্ঠ পরিচিত গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে এ অভিনেত্রী বলেন, “সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ময়ূরাক্ষী’। এতে শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও উঠে আসবে। এর আগে কখনও এই ধারার সিনেমায় কাজ করিনি। এতে পর্দায় নতুনরূপে হাজির হবো। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের পছন্দ হবে। অসাধারণ গল্পে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।”

জনপ্রিয়তা নয়, দর্শক-মনে স্থায়ী আসন করে নেওয়ার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ববি। যে জন্য অভিনয় হয়ে উঠেছে তাঁর ধ্যান-জ্ঞান। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘এবার তোরা মানুষ হ’, ‘বৃদ্ধাশ্রম’। সিনেমা দুটিতে ভিন্নধর্মী চরিত্রে তাঁকে দেখা যাবে।
বর্তমানে ‘মাস্টারমাইন্ড’ নামে একটি সিনেমায় কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণ হবে আগস্টে। সিনেমার দৃশ্যধারণ হবে বাংলাদেশ, দুবাই ও ইন্দোনেশিয়ার বালিতে। এ ছাড়া ‘খোয়াব’ নামে একটি সিনেমায় কাজও তিনি শুরু করবেন শিগগিরই।

নানা শ্রেণির দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি একেক রকম। এ ক্ষেত্রে অভিনয়ের বিষয়ে আপনার ভাবনা কী? এর জবাবে ববি বলেন, ‘আমি শুরু থেকেই চেয়েছি, ভিন্ন সব গল্প ও চরিত্রে অভিনয় করে বিভিন্ন শ্রেণির দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে। আমার মনে হয়, তা কিছুটা হলেও আমি পেরেছি। নইলে দর্শক আমাকে এত দিন মনে রাখত না; তুলে ধরত না তাদের প্রত্যাশার কথা। নিজেকে ভাগ্যবান বলে মনে করি এ কারণে যে, ভালো কিছু নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। কিছু কাজ আমাকে দর্শক পরিচিতি ও প্রশংসা পাইয়ে দিয়েছে। অভিনয় নিয়ে কিছু মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না।’

আরও পড়ুন

×