ফ্যামিলি কার্ডের ভাতা
২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৮
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
গত রোববার সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, ‘টাকাপে’ ও ব্যাংক হিসাবের মাধ্যমে ‘জিটুপে’ পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে। সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে নির্ধারিত সময়ে অর্থ পৌঁছাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রতিটি কিস্তির জন্য নির্ভুল পে-রোল পাঠানো জরুরি।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই, সংশোধন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।
এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ফ্যামিলি কার্ড
- সমাজসেবা অধিদপ্তর