ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

থাকতে হবে স্বপ্ন ছোঁয়া ও লক্ষ্যে পৌঁছানোর তাড়না

থাকতে হবে স্বপ্ন ছোঁয়া ও লক্ষ্যে পৌঁছানোর তাড়না
×

টেইলর সুইফট

প্রকাশ: ১০ জুন ২০২৩ | ১৮:০০

টেইলর সুইফট। আমেরিকান কণ্ঠশিল্পী। এ প্রজন্মের জনপ্রিয় এই শিল্পীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণামূলক কথা তুলে এনেছেন মোহাম্মদ শাহনেওয়াজ

সেই এইটুকুন বয়স থেকে আমি গান গাইতে শুরু করি। আর ঠিক তখন থেকেই বুঝে যাই যে, ‘কান্ট্রি মিউজিক’ ধারায় অনেকেই গান গাইলেও একেকজনের গায়কি একেক রকম। তাই নিজেকেও নিজের একটা ভঙ্গিমা খুঁজে নিতে হবে। সাফল্যের কোনো প্রতিচিত্র নেই। আপনাকে স্রেফ নিজের কাজটি মন দিয়ে করে যেতে হবে। আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি একজন শিল্পী; আর নিজের কাছেই নিশ্চিত হতে হবে, অন্য কারও মতো হওয়া চলবে না আপনার। অন্য শিল্পীদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু অনুকরণ নয়; বরং খুঁজে নেওয়া চাই নিজস্ব একটি জায়গা।

একসময় হয়ে উঠবেন উৎফুল্ল
আমি মনে করি, গান গাওয়ার প্রথম দিনগুলোতে সবার মনেই মঞ্চভীতি কোনো না কোনোভাবে কাজ করে। আমার মতে, এই ভীতি দূর করার একমাত্র তরিকা হলো, যত বেশি সম্ভব মঞ্চে উঠতে থাকা আর গাইতে থাকা। যতবার আপনি মঞ্চে উঠবেন, ততবারই একটু একটু করে কেটে যেতে থাকবে অস্বস্তি। আর একসময় আপনি হয়ে উঠবেন উৎফুল্ল। বলি শুনুন, দর্শকের সামনে আমি প্রথম গান পরিবেশন করেছিলাম ১০ বছর বয়সে। তখন বিষয়টি আমার জন্য যথেষ্ট আতঙ্কেরই ছিল। একবার কেউ আমাকে বলেছিল, বাজে রকমের একটি অনুষ্ঠানে গান গাইতে। গেয়েওছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, শ্রোতা সম্পর্কে ধারণা রাখতে পারা একজন নবাগত শিল্পীর জন্য প্লাস পয়েন্ট। অন্যথায় আপনার মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

সময় দিন নিজেকে
বেশিরভাগ মানুষ নিজের সম্ভাব্য পতন নিয়ে আতঙ্কে ভোগে; আর অতীত পানে তাকিয়ে করতে থাকে অনুতাপ। এই যেমন, কখন ‘ভালোবাসি’ কথাটি বলা দরকার ছিল কিংবা বলা দরকার ছিল ‘দুঃখিত’! আমি বলি কি, এ ধরনের অস্থিরতা ও অস্বস্তিতে ভোগার কোনো মানে হয় না। বরং দম নিন একটুখানি। সময় দিন নিজেকে। তারপর যদি নিজের অনুভূতি উপলব্ধি করার ক্ষমতা থাকে আপনার, যদি স্পষ্ট  জানা থাকে- আপনি কী বলতে চান, তাহলে তা আপনি ঠিকই বুঝতে ও জানতে পারবেন। আমি বিশ্বাস করি, এ জন্য অহেতুক অপেক্ষার ব্যাপ্তি বাড়ানোর মানে নেই; বরং আজকের দিনটিকেই ধরে নিন উপযুক্ত সময়। নিজেকে নির্ভীক ভাবতে ভালো লাগে আমার। তবে বলি, নির্ভীক মানে কিন্তু ভীতির অনুপস্থিতি নয়। এর মানে নয়, একেবারেই ভয়শূন্য থাকা। আমার কাছে নির্ভীক মানে হচ্ছে ভয়ের সঙ্গেই থাকা; দ্বিধার সঙ্গেই থাকা; তবে মৃত্যু অবধারিত জেনেও কাজ করে যাওয়া। আর আমি তো জানি, আনন্দ কখনোই চিরস্থায়ী হয় না। দ্রুততার সঙ্গে বয়ে যায় এমনতর সময়গুলো। তবু এমন মুহূর্তগুলো অর্জনের জন্য আপনাকে নিরন্তর লড়ে যেতে হবে। সেই লড়াইয়ের ফল শেষ পর্যন্ত মধুরই হয়ে থাকে।

স্বপ্ন ছোঁয়া ও লক্ষ্যে পৌঁছানোর তাড়না...
জীবনের প্রতি নিজস্ব অনুরাগ রয়েছে– এমন মানুষের সঙ্গ ভালো লাগে আমার। ফলে যাদের সঙ্গে বন্ধুত্ব আমার, তাদের সবারই রয়েছে নিজ নিজ স্বপ্ন ছোঁয়ার ও নিজ নিজ লক্ষ্যে পৌঁছানোর তাড়না। জানি, সব গল্পের হয় না তো সুখের সমাপ্তি। তবু এর সঙ্গে বোঝাপড়া করার মতো মানসিকতা থাকা চাই। আরও জেনে রাখুন, অগ্নিশিখা আপনাকে কোনো না কোনো সময় আকৃষ্ট করলেও আগুনের উত্তাপে নিজেকে পোড়াতে জানতে হবে। আজকে যে বেদনাবোধে আপনি আচ্ছন্ন, সেই অনুভূতি লিখে রাখুন কাগজে, ধারণ করে রাখুন ছবিতে, গেঁথে রাখুন মগজে; কেননা, একদিন নিশ্চয়ই আসবে, যখন আবারও ভালোবাসা এসে ধরা দেবে আপনার কাছে।

আরও পড়ুন

×