তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৬
বাংলাদেশে তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি বলে মত দেন তারা।
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে আজ সোমবার ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ ওয়েবিনারের আয়োজন করে। আগামীকাল ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’।
ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতিবছর হৃদ্রোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকালমৃত্যুবরণ করেন। উচ্চ রক্তচাপ হৃদ্রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশেও হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদ্রোগের কারণে হয়ে থাকে।
আলোচনায় বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে হৃদ্রোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপ জড়িত। এসব মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকালমৃত্যু।
‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে ওয়েবিনারে বলা হয়, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। ফলে তরুণ বয়স থেকেই উচ্চ রক্তচাপ শনাক্ত ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রশংসনীয়। বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগের ঝুঁকি কমাতে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ওপর গুরুত্ব দেন।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এ খাতে বরাদ্দ রয়েছে। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালট্যান্ট আমিনুল ইসলাম সুজন।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
ওয়েবিনারে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ তরুণদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন অঞ্চলের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
- বিষয় :
- উচ্চ রক্তচাপ
- হৃদরোগ
- স্বাস্থ্য খাত