ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হিমলুং হিমালয়ে তুষারধস, ৪ জনের মরদেহ উদ্ধার

হিমলুং হিমালয়ে তুষারধস, ৪ জনের মরদেহ উদ্ধার
×

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৮

নেপালের মানাংয়ে হিমলুং হিমালয়ে তুষারধসে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো ১২ জন শ্রমিক ও গাইড নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সোমবারও অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল।

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন (এনএনএমজিএ) জানিয়েছে, সোমবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- বীরেন্দ্র গুরুং ও ঘনশ্যাম রাই। এর আগে রোববার ছেবি ভোতে ও পাসাং ভোতের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়।

এনএনএমজিএর সভাপতি তুল সিং গুরুং বলেন, হিমবাহধসে ক্ষতিগ্রস্ত এলাকায় সংগঠনটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল সোমবারও অভিযান চালিয়েছে। আবহাওয়া ও পাহাড়ের পরিস্থিতি অনুকূলে থাকলে আরও তিন থেকে চার ঘণ্টা অভিযান চালানোর পরিকল্পনা ছিল।

তুল সিং গুরুং বলেন, চারজনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। আরও ১২ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে।

রোববার সকালে হিমলুং এলাকায় তুষারধসের পর শ্রমিক ও গাইডদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধারে মিংমা জি শেরপার নেতৃত্বে একটি দলও অভিযান শুরু করে। ইমাজিন নেপাল ট্রেক অ্যান্ড এক্সপেডিশনের অপারেটর ও আন্তর্জাতিক পর্বতারোহী গাইড মিংমা জি শেরপার নেতৃত্বাধীন দলটি রোববার কাঠমান্ডু থেকে রওনা হয়ে রাতে চামে অবস্থান করে।

সোমবার সকালে হেলিকপ্টারে চামে থেকে দলটিকে হিমলুং বেস ক্যাম্পে নেওয়া হয়। সেখানে পৌঁছে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে তারা।

এদিকে রোববার উদ্ধার করা দুইজনের মরদেহ চামের একটি হাসপাতাল থেকে কাইলাশ হেলিকপ্টারের মাধ্যমে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে নেওয়া হয়। 

সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট

আরও পড়ুন

×