ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে: দীনেশ ত্রিবেদী
দীনেশ ত্রিবেদী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:২১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৩:৩৯
| প্রিন্ট সংস্করণ
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শিকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, অভিন্ন ইতিহাসের এই সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন। ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন, ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। একই সঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি।’
অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়দের উদ্দেশে হাইকমিশনার বলেন, ‘আমরা ভারতের জনগণ, আমাদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সুযোগগুলো ব্যবহার করি এবং ভারতকে একটি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ভাবনায় কাজ করি। এটাতেই স্বাধীনতার প্রকৃত সার্থকতা।’ তিনি আরও বলেন, স্বাধীনতার শতবর্ষ ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
- বিষয় :
- ভারত
- দীনেশ ত্রিবেদী