মতের ভিন্নতা সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩০
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো গতকাল বৃহস্পতিবার। গত ২৭ আগস্ট এই অধিবেশন শুরু হয়েছিল। শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন। এর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপনী-সংক্রান্ত নোটিশ পাঠ করে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গতকাল রাতে অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। তিনি বলেন, কিছুক্ষণ আগে সংসদ নেতা গালাগালের সংস্কৃতিকে পরিহারের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। আগামী অধিবেশন থেকে সব সদস্য সংসদীয় রীতিনীতি-ঐতিহ্য অনুসরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
তৃতীয় অধিবেশনে ছয়টি বিল পাস
তৃতীয় অধিবেশন ৯ কার্যদিবসের বৈঠকে এ অধিবেশনে মোট ছয়টি বিল উপস্থাপিত এবং ছয়টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেছেন। ৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে দুটি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এ ছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে একটি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে।