মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, তিন দালালের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চারজন দালালকে আটক করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০০
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় চারজন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ।
বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। দালালবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- সড়ক পরিবহন
- ভ্রাম্যমাণ আদালত
- কারাদণ্ড
- জরিমানা
- মিরপুর