পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে ৫২ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের তিন কমিটি গঠন এবং সেখানে সামরিকায়ন বৃদ্ধির শঙ্কা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫২ বিশিষ্ট নাগরিক। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা ওই উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, স্বরাষ্ট্রসচিবকে সভাপতি করে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সইয়ের ২৯ বছর পার হলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আদিবাসীদের অধিকারের আদতে কোনো সুরাহা হয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পাহাড়ে অন্তত দুবার রক্তক্ষয়ী সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছেন আদিবাসীরা। এমন বাস্তবতায় নির্বাচনী ইশতেহারে বিএনপির প্রস্তাবিত ‘রেইনবো নেশন’-এর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাহাড়ের তিন জেলা থেকেই দলটির প্রার্থীদের নির্বাচিত করেন স্থানীয় জনগণ। কিন্তু পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এককভাবে ওই এলাকার কোনো প্রতিনিধির ওপর ন্যস্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির, নারীপক্ষের সদস্য শিরীন পারভীন হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট তবারক হোসেন, আলোকচিত্রী শহিদুল আলম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, ড. সামিনা লুৎফা ও ড. জোবাইদা নাসরীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।
- বিষয় :
- পার্বত্য চট্টগ্রাম