এ দেশে বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৯
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিবিজনেস, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস এবং ভোগ্যপণ্য খাতে বিপুল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। গত বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে বাজার সম্ভাবনার এসব দিক তুলে ধরেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। গতকাল শুক্রবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার উল্লেখ করে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে যার বাণিজ্যের আকার ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।’ বাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বলেন, ‘২০১৮ থেকে ২০৩০ সাল মেয়াদে বাংলাদেশে গ্রিন বিল্ডিং, ট্রান্সপোর্ট, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, অবকাঠামো এবং বর্জ্যব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের গ্রিন ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে।’ রপ্তানি বহুমুখীকরণকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা হিসেবেও উল্লেখ করেন তিনি।
এ সময় ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি প্রদানের মতো বড় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে থেকে সরকার নির্দিষ্ট মূল্যে বিদ্যুৎ ক্রয় করতে পারবে।’
মাদ্রিদ চেম্বার অব কমার্সের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ফজলুল হক। এ বিষয়ে মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট জানান, ‘আগামী নভেম্বর নাগাদ একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।’
মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান। এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্সের এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভারের সাসটেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।
সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।