ক্যাম্পাস সংবাদ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২৮
এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল
বাংলাদেশি গবেষক ড. শাহনেওয়াজ সিদ্দিকী চীনের শিআনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) কিউবস্যাট প্রতিযোগিতা (এসিসি) সামার ক্যাম্পে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। ১২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা কিউবস্যাট প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নেন। ড. শাহনেওয়াজ সিদ্দিকী এনএসইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত। ক্যাম্পে কিউবস্যাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবসিস্টেম অনবোর্ড কম্পিউটিং, কন্ট্রোল, যোগাযোগ, পাওয়ার, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, থার্মাল ম্যানেজমেন্ট এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিং নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে।
ড. শাহনেওয়াজের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (স্পারসো)-এর সমন্বয়ে একটি কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায়। এপিএসসিওর বাংলাদেশি ফোকাল এজেন্সি স্পারসোর আহ্বানে সাড়া দিয়ে দলটি কিউবস্যাটের বিস্তারিত নকশা জমা দেয়। এপিএসসিওর বিশেষজ্ঞ প্যানেল নকশাগুলো মূল্যায়ন করে অনুমোদন দেওয়ার পর দলটি সামার ক্যাম্পে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। ক্যাম্প শেষে এখন প্রকল্পটির পরবর্তী ধাপে এগোবে ড. শাহনেওয়াজের দল।
আইইউবির বিজনেস স্কুলের ডিন ইমরান রহমান
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। গত মঙ্গলবার তিনি এই পদে যোগ দেন। উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমরান রহমান এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন। আইইউবিতে তিনি শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলকে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে শীর্ষ পছন্দ হিসেবে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।
- বিষয় :
- ক্যাম্পাস