ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪০

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টা নাগাদ এ ঘটনা ঘটে। 

এ ঘটনার সিসি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হামলাকারীরা কার্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অফিসে থাকা বিভিন্ন মালপত্রও নিয়ে যাচ্ছে তারা। দেড় শতাধিক মানুষ এ হামলায় অংশ নেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ জানায়, চাঁদ উদ্যান এলাকায় দুটি বস্তি ছিল এবং আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের বিরোধ রয়েছে। ‘রোজ ভিলা’ নামের আবাসিক ভবনসংলগ্ন ১৭ কাঠা জমি মো. আলম নামের এক ব্যক্তির দখলে রয়েছে। সেখানে আধাপাকা ভবন করা আলমের একটি কার্যালয় করা আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আলম এলাকা ছেড়ে পালিয়ে যান। জমিটি নিজেদের দাবি করে জনি ও রেজাউলের নেতৃত্বে দেড় শতাধিক মানুষ আজ বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করে আগের দেওয়া টিনের বেড়া ভেঙে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে আলমের অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে। 

জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই পুলিশের কাছে নিজ নিজ কাগজপত্র থাকার দাবি করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম সমকালকে বলেন, ১৭ কাঠা জমি দখলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।

আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ওসি আরও বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা করা হবে।

আরও পড়ুন

×