ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু
×

মোহাম্মদ আশরাফুল আফসার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৭

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে গতকাল শুক্রবার রাতে ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের শেষ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময়ই উপুড় হয়ে মাঠে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। তবে তার কোনো নড়াচড়া না থাকায় সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে যান।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা আফসারের আকস্মিক মৃত্যুতে তার ব্যাচমেট ও বন্ধুদের মধ্যে শোক নেমে এসেছে। তাকে নিয়ে বন্ধুরা স্মৃতিচারণা করছেন। কেউ কেউ বলছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় হতাশ ছিলেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ শনিবার দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সবাইকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!’

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ড. আবদুল মঈন খান।

আরও পড়ুন

×