ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপনী শুটিংয়ে চোট, ভারত সিরিজে নেই রাচিন

বিজ্ঞাপনী শুটিংয়ে চোট, ভারত সিরিজে নেই রাচিন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০২

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বিজ্ঞাপনী ভিডিওর শুটিংয়ে চোট পাওয়ায় প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

গত ১৬ সেপ্টেম্বর অকল্যান্ডে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধে চোট পান রাচিন। কাঁধের হাড় সরে যাওয়ায় ভারতের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তার। আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য এই অলরাউন্ডারের।

রাচিনের চোটে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘রাচিনের জন্য আমরা খুবই হতাশ। এই গ্রীষ্মে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পুনর্বাসনে কোনোভাবেই তাড়াহুড়া করা উচিত নয়। তবে আমরা আশাবাদী, ওয়ানডে সিরিজের জন্য সে ফিরতে পারবে।’

রাচিনের সঙ্গে চোটের কারণে দলে নেই পেসার বেন সিয়ার্সও। গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিবেচনা করা হয়নি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের দলে বিশ্বকাপের ফাইনালে খেলা নিউজিল্যান্ডের ১৩ ক্রিকেটার রয়েছেন। চোট কাটিয়ে ফিরেছেন মাইকেল ব্রেসওয়েল ও অ্যাডাম মিলনে। এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিলনে। দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

ক্রাইস্টচার্চে ২২ ও ২৪ অক্টোবর হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ২৭ অক্টোবর ওয়েলিংটন, ৩০ অক্টোবর অকল্যান্ড এবং ১ নভেম্বর হ্যামিল্টনে হবে বাকি তিন ম্যাচ।

নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস ও নাথান স্মিথ, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও টিম সেইফার্ট।

আরও পড়ুন

×