ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শরীর দেখানো নয়, ছিল আত্মবিশ্বাস—২২ বছর আগের স্মৃতিতে দিয়া

শরীর দেখানো নয়, ছিল আত্মবিশ্বাস—২২ বছর আগের স্মৃতিতে দিয়া
×

দিয়া মির্জা। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৮:০৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৮:৪৭

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার ক্যারিয়ারের শুরুর দিকের একটি অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ‘তুমসা নেহি দেখা’ সিনেমার একটি গানের শুটিং তাঁকে নিজের শরীর নিয়ে আরও আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ হতে সাহায্য করেছিল।

‘জুম স্পটলাইট সেশনস’-এ অংশ নিয়ে দিয়া জানান, ২০০৪ সালে সিনেমাটির কাজের সময় নিজের শরীর নিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যবোধ করতে শিখেছিলেন তিনি।

দিয়া বলেন, ‘আমার মনে আছে, বৈভবী মার্চেন্ট আমাদের একটি গান শুট করেছিলেন। প্রযোজকদের কাছে আমার একমাত্র কথা ছিল, গানটিতে আমাকে এমন পোশাক পরতে হবে, যাতে শরীরের অনেকটা অংশ অনাবৃত থাকবে। তাই আমি চেয়েছিলাম, পুরো বিষয়টিতে যেন আমি স্বচ্ছন্দ বোধ করি।’

দিয়া মির্জা। ছবি: গানের ভিডিও থেকে

গানটির শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে দিয়া জানান, সেখানে প্রায় ৫০০ জনের একটি দল ছিল, যাদের সবাই ছিলেন পুরুষ। পাশাপাশি প্রায় ২০০ সদস্যের শুটিং ক্রুও ছিল, যাদের অধিকাংশই ছিলেন পুরুষ।

তবে এত মানুষের উপস্থিতির মধ্যেও নিজেকে অস্বস্তিকর কিংবা কোনো বস্তু হিসেবে মনে হয়নি দিয়ার। বরং অভিজ্ঞতাটি তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল।

দিয়ার ভাষায়, ‘এই গান থেকে আমি এমন কিছু পেয়েছিলাম, যা আমার অন্য কোনো সিনেমা হয়তো আমাকে দিতে পারেনি। আমি বুঝেছিলাম, পুরুষের দৃষ্টিভঙ্গি আমাকে পুরোপুরি প্রভাবিত না করেও আমি নিজের নারীত্ব, সৌন্দর্য ও আত্মবিশ্বাস উদ্‌যাপন করতে পারি।’

দিয়া মির্জা। ছবি: গানের ভিডিও থেকে

অভিনেত্রীর মতে, পুরো অভিজ্ঞতাটিই ছিল তার জন্য ভিন্ন। তিনি বলেন, ‘মহেশ ভাট, অনুরাগ, ইমরান এবং সেখানে থাকা সবাই আমাকে বুঝতে সাহায্য করেছিলেন যে বিষয়টি সবসময় শুধু সেটুকু নয়, এর চেয়ে অনেক বেশি কিছু।’

দিয়া জানান, ‘তুমসা নেহি দেখা’ সিনেমাটি প্রথমে পরিচালনা করেছিলেন অনুরাগ বসু। পরে সিনেমাটির কাজ শেষ করেন মোহিত সুরি। সিনেমাটির প্রযোজনায় ছিলেন মহেশ ভাট ও মুকেশ ভাট।

২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দিয়ার বিপরীতে অভিনয় করেন ইমরান হাশমি। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনুপম খের, শরৎ সাক্সেনা ও অতুল পারচুরে।

দিয়া মির্জা। ছবি: ফেসবুক

বর্তমানে দিয়া মির্জাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘অপারেশন সফেদ সাগর’ সিনেমায়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×