ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিকৃবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাটডাউন, অবস্থান ও বিক্ষোভ মিছিল

সিকৃবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাটডাউন, অবস্থান ও বিক্ষোভ মিছিল
×

সিকৃবি উপচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতি, শিক্ষকদের হয়রানি এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও প্রশাসনিক শাটডাউন পালন এবং বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ।

আজ বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সিকৃবি ক্যাম্পাস। আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে অচল হয়ে পড়ে সব দাপ্তরিক কার্যক্রম। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখান থেকে উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের খতিয়ান তুলে ধরে তার অবিলম্বে পদত্যাগের জোর দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, শুধু অর্থনৈতিক অনিয়মই নয়; প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের পদোন্নতি ও পর্যায়োন্নয়ন আটকে রাখা, কারণে-অকারণে শোকজ করা এবং কোনো কোনো শিক্ষকের বেতন বন্ধ করে দিয়ে চরম মানসিক হয়রানি করছেন ভিসি। 

গত ৭ সেপ্টেম্বর থেকে ভিসির পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। অধ্যাপক ড. এমদাদুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, অধ্যাপক ড. মো. কাজী মেহতাজুল ইসলাম, সহসভাপতি অধ্যাপক ড. নাজমুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. কাওছার হোসেন। 

কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ নেয়ামত উল্যাহ, মো. বাসির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক আহমেদ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল হোসেন সনি, সাবেক সহসভাপতি মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রাব্বানী, সদস্য আব্দুর রাকিব, সায়মুন ইসলাম কবির, তরিকুল ইসলাম রাসেল ও মামুনুর রশিদ। এছাড়া কর্মচারীদের পক্ষ থেকে মো. আবু সাঈদ, শওকত হোসেন, ইসমাইল হোসেন, মাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম বক্তব্য দেন।

আরও পড়ুন

×