ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফের প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়া, থাকছেন আরও যেসব তারকা

ফের প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়া, থাকছেন আরও যেসব তারকা
×

ঐশ্বরিয়া রাই

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৩

ঐশ্বরিয়া রাই মানেই সৌন্দর্য আর গ্ল্যামারের ছটা। তাঁর উপস্থিতি কেড়ে নেয় সবার মনোযোগ। তাঁর মোহনীয় দৃষ্টির ভুবনভোলানো হাসি দোলা দেয় হৃদয়ে। বয়সকে হার মানিয়ে আজও তিনি যেন চিরসবুজ, চিরযৌবনা। সিনেমার পাশাপাশি বিশ্বজুড়ে নানা আয়োজনে দেখা যায় তাঁর ঝলমলে উপস্থিতি।

সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের এই অভিনেত্রী।

প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যা ম্পে হাঁটবেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন।

ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। ফলে এবারের আয়োজনেও তাঁর উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যা ম্পে তাঁর প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছে আয়োজকরা।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

তবে শুধু র্যা ম্পে হাঁটাই নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং।

এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রং। ফলে তাঁর সাজ ও সৌন্দর্য নিয়েও দর্শকদের আগ্রহ থাকছে আলাদা করে।

ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে। আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজনও করবে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে আবারও প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। র্যা ম্পে তাঁর প্রত্যাবর্তনে রূপ ও সৌন্দর্যের ঝলকে নতুন করে নজর কাড়বেন এই বলিউড তারকা– এমন প্রত্যাশাই এখন ভক্তদের।

আরও পড়ুন

×