৭ লাখ টাকা নেওয়ার পর আরও ৩৫ লাখ দাবি, অভিনেত্রী গ্রেপ্তার
বর্ষিণী ভেঙ্কট। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৩
বন্ধুকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৬ হাজার টাকা) চাঁদা আদায়ের অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার চেন্নাইয়ের মাইলাপোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই অভিনেত্রীর নাম বর্ষিণী ভেঙ্কট। তিনি ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী।
২৮ বছর বয়সী বর্ষিণীরি বিরুদ্ধে অভিযোগ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তিনি ও তার কয়েকজন সহযোগী। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় এক শেয়ারবাজার ব্যবসায়ীকে মারধর করে অর্থ আদায় করা হয়।

অভিযোগকারী থারুন পেশায় শেয়ারবাজারের ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, বর্ষিণী ও তার বন্ধু সঞ্জয়সহ কয়েকজন মিলে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন। তারা থারুনকে ওই সিনেমায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। তবে তিনি এতে রাজি হননি। গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের লজে ফেরেন থারুন। এ সময় সেখানে বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন উপস্থিত ছিলেন। তারা থারুনকে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।
এরপর সঞ্জয়ের কাছ থেকে ফোনে হুমকি আসতে থাকে বলে পুলিশকে জানান থারুন। একপর্যায়ে তিনি বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক হিসাবে ২ লাখ রুপি পাঠান। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৬ হাজার টাকা) দেওয়ার পরও সঞ্জয় আরও ২৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৬৩ হাজার টাকা) দাবি করে হুমকি দিতে থাকেন। পরে থারুন পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে গিন্ডি থানার মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর ব্যাংক লেনদেন যাচাই করা হয়। সেখানে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায়।

প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার মাইলাপোরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আইফোনও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
এ ঘটনায় বর্ষিণীর সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা সঞ্জয়সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে বর্ষিণীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘটনার তদন্ত চলছে। সূত্র: হিন্দুস্থান টাইমস