ভারতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম
এবার উত্তাল ঝাড়খণ্ড
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৭:১৫
ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের চলমান আন্দোলন এখন ব্যাপক আকারে রূপ নিয়েছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে সমর্থন জানিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনটি ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন।
গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পর এ প্রতিবাদ শুরু হয়। পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। এর পর থেকে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে দিনরাত প্রতিবাদ এবং অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করে আসছেন। ক্রমবর্ধমান এ আন্দোলন শেষ পর্যন্ত রাজ্য সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করেছে।
বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত বিক্ষোভস্থল পরিদর্শন করেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। এ জন্য পাঁচ থেকে সাতজনের একটি প্রতিনিধি দল গঠন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হেমন্ত সোরেন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। রজত জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মসংক্রান্ত অভিযোগগুলো ইতোমধ্যে তদন্তাধীন। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। এদিকে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রক্রিয়াটি স্বচ্ছভাবে ও প্রকাশ্যে পরিচালিত হলেই তারা আলোচনায় রাজি হবেন। সরকারের সঙ্গে যেকোনো আলোচনা গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে হওয়া উচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা অনিয়মের বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে, সিআইডি ইতোমধ্যে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারও করা হয়েছে।
আন্দোলনে সিজেপির সমর্থন
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বুধবার ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করবে।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজ শহরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে দীপকে বলেন, সিজেপির সদস্যরা চাকরিপ্রার্থীদের সমর্থন জানাতে ঝাড়খণ্ডে যাবেন।
তরুণদের আন্দোলন মোদিকে প্রচণ্ডভাবে দুর্বল করেছে: সোনম ওয়াংচুক
ভারতে সম্প্রতি তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচণ্ডভাবে দুর্বল করেছে। এমন মন্তব্য করেছেন ভারতের সুপরিচিত পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, ২৫ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দিকে নিয়ে যাওয়া গণবিক্ষোভের পর দেশের সামগ্রিক পরিবেশ বদলে গেছে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া তরুণদের ওই আন্দোলনে সোনম একাত্মতা প্রকাশ করে অনশনে বসেছিলেন। তাঁর অনশন কর্মসূচি আন্দোলনকে ব্যাপকভাবে উজ্জীবিত করেছিল। ৫৯ বছর বয়সী এ শিক্ষাবিদ, বিজ্ঞানী আরও বলেন, তরুণেরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী। এখন তারা জানে, চাইলে তারা যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে। তারা বুঝতে পেরেছে, অন্যায় বা অপছন্দের সবকিছু নীরবে মেনে নিতে তারা বাধ্য নয়।
- বিষয় :
- ভারত
- উত্তাল দেশ