ভালোবাসার সম্পর্কেও যে ৫ বিষয়ে ছাড় নয়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২১
সম্পর্কে থাকা মানেই হলো একে অপরের সাথে মানিয়ে নেওয়া। কখনও কখনও সম্পর্কের খাতির নিজের প্রয়োজনের চেয়ে সঙ্গীর প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন কেউ কেউ। তবে এটা মনে রাখা জরুরি যে, সমঝোতা করা এবং ধীরে ধীরে নিজের সত্তাকে হারিয়ে ফেলার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
এমন কিছু বিষয় আছে যার মধ্য দিয়ে আপনি নিজেকে অনুভব করেন। অথচ কেউ কেউ ভালোবাসার মানুষের জন্য নিজের সেই সব কিছু বিসর্জন দিয়ে দেন যা মোটেও ঠিক নয়। । যেমন-
বন্ধু-বান্ধব ও পরিবার
আপনার সঙ্গী আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন, কিন্তু তিনিই আপনার পুরো জীবন হয়ে উঠতে পারেন না। কোনো অপরাধবোধ ছাড়াই আপনার বন্ধুদের সাথে দেখা করা, পরিবারের সাথে সময় কাটানো এবং নিজস্ব পরিকল্পনা করার সুযোগ থাকা উচিত। একটি সুস্থ সম্পর্কে দম্পতি বা সঙ্গীর বাইরের মানুষ ও সম্পর্কের জন্যও জায়গা থাকে।
যদি প্রতিটি বন্ধুত্বই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বা প্রতিটি স্বাধীন পরিকল্পনা ঝগড়ার সূত্রপাত ঘটায়, তবে সমস্যাটি বিশ্বাসের।
খোলামেলা কথা বলার ক্ষমতা
পরিস্থিতি ঠিক না থাকা সত্ত্বেও আপনার বারবার ‘সব ঠিক আছে’ বলার দরকার নেই। ভালোবাসা থাকা মানেই সঙ্গীর প্রতিটি কথা বা কাজের সাথে একমত হওয়া নয়। আপনি কষ্ট পেতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, সঙ্গীর কাছ থেকে আরও চেষ্টার দাবি জানাতে পারেন। কখনও আবার কোনো আচরণ সীমা অতিক্রম করলে তা স্পষ্ট করে বলতে পারেন।
যদি ঝগড়া বা সঙ্গীর প্রতিক্রিয়ার ভয়ে আপনি সবসময় চুপ থাকেন, তবে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে। একটি সুস্থ সম্পর্কে অস্বস্তিকর বিষয় নিয়ে আলোচনারও সুযোগ থাকা উচিত।
ব্যক্তিগত লক্ষ্য
সঙ্গীর পরিকল্পনার যেমন গুরুত্ব আছে, তেমনি আপনার পরিকল্পনারও গুরুত্ব রয়েছে। হয়তো আপনি আরও পড়াশোনা করতে চান, ক্যারিয়ারে উন্নতি করতে চান, অন্য কোনো শহরে যেতে চান কিংবা এমন কিছু করতে চান যা আপনি সবসময়ই করতে চেয়েছেন। এই পরিকল্পনাগুলো আপনাদের যৌথ জীবনে কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনার প্রয়োজন হতে পারে, কিন্তু তাই বলে আপনি আগে থেকেই সেগুলো বিসর্জন দেবেন—এমনটা হওয়া ঠিক নয়। কোনো স্বপ্নকে সাময়িকভাবে স্থগিত রাখাটা কখনও কখনও পারস্পরিক সিদ্ধান্তের বিষয় হতে পারে। কিন্তু সঙ্গীর প্রত্যাশা পূরণের জন্য সেই স্বপ্নকে পুরোপুরি বিসর্জন দেওয়াটা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।
আপনার নিজস্ব সীমানা
আপনার 'না' বলার অধিকার আছে। আপনি হয়তো কিছুটা সময় একা কাটাতে চাইতে পারেন। কোনো নির্দিষ্ট ধরনের কৌতুক আপনার অপছন্দ হতে পারে। সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার ফোনটি একান্তই ব্যক্তিগত। কোনো বিষয় আপনাকে অস্বস্তিতে ফেললে আপনি তা স্পষ্ট করে বলতে পারেন। নিজের সীমানা বা গণ্ডি বজায় রাখার অর্থ এই নয় যে আপনি জটিল বা স্বার্থপর কোনো মানুষ।সব বিষয়ে আপনাদের মতের মিল নাও হতে পারে; তবে আপনি যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন, সঙ্গী হিসেবে তার উচিত সেই বিষয়গুলোকে সম্মান করা।
নিজের সত্তা বা অস্তিত্ব
অগোচরেই নিজের সত্তাকে হারিয়ে ফেলাটা সম্ভবত সবচেয়ে সহজ। আপনি হয়তো এমন সব কাজ করা বন্ধ করে দিয়েছেন যা আপনি উপভোগ করতেন। বন্ধুদের সাথে আপনার দেখা-সাক্ষাৎ কমে গেছে। আপনার দৈনন্দিন রুটিন পুরোপুরি সঙ্গীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ধীরে ধীরে, প্রায় প্রতিটি সিদ্ধান্তেই সঙ্গীর মতামতের প্রভাব পড়তে শুরু করে। সাধারণত এসব কিছুই রাতারাতি ঘটে না। বরং ছোটখাটো অনেক সমঝোতার মধ্য দিয়ে এমনটা ঘটতে পারে, যা সেই মুহূর্তে হয়তো ক্ষতিকর মনে হয়নি।
কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ এই নয় যে আপনাকে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে যেতে হবে। কাউকে ভালোবাসার পাশাপাশি নিজের পছন্দ-অপছন্দ, মতামত, বন্ধুত্ব এবং উচ্চাকাঙ্ক্ষা—সবই বজায় রাখার চেষ্টা থাকাটা জরুরি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- সম্পর্ক