এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৬
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নিশিনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ।
শনিবার বৃষ্টির কারণে মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি পরিত্যক্ত হয়। টসও করা সম্ভব হয়নি। ফলে দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে মালয়েশিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং, চায়না। ১ পয়েন্ট পাওয়া ওমান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। পাকিস্তান খেলবে হংকং চায়নার বিপক্ষে। ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের, আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি অবশ্য সুখকর। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও শেষ চারে ওঠার লড়াইয়ে একই প্রতিপক্ষকে পাচ্ছে তারা।
শনিবার বৃষ্টির কারণে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এতে জাপানের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল।
কোয়ার্টার ফাইনালের সূচি
- সোমবার ভোর ৬টা: পাকিস্তান বনাম হংকং, চায়না
- সোমবার বেলা ১১টা: ভারত বনাম আফগানিস্তান
- মঙ্গলবার ভোর ৬টা: নেপাল বনাম শ্রীলঙ্কা
- মঙ্গলবার বেলা ১১টা: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
- বিষয় :
- এশিয়ান গেমস
- বাংলাদেশ ক্রিকেট