পালক ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বাবার, ছেলেসহ আটক ২
ছেলে সোহেল হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৬:০৬ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৬:০৬
ঢাকার ধামরাইয়ে জমিজমার বিরোধকে কেন্দ্র করে পালক ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবা দেলোয়ার হোসেন দিদারের (৬৮)।
বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল বোচারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ঘাতক পালক ছেলে সোহেল হোসেন (৪৩) ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে (৩৭) আটক করেছে পুলিশ।
ধামরাই থানার এসআই সেলিম রেজা সমকালকে বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করেই দেলোয়ার হোসেন দিদারকে শাবলের আঘাতে হত্যার অভিযোগে তার পালক ছেলে সোহেল ও পুত্রবধূ সোনিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির রাস্তা দখল করে সোহেল হোসেন নিজের জন্য টিনের ঘর নির্মাণ শুরু করেন। এতে দিদার বাঁধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল তার বাবাকে প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন দিদার মারা যান।
এ ঘটনার পরই এলাকাবাসী ঘাতক সোহেল ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে আটকের পর পুলিশে খবর দেন।
পরে পুলিশ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।