সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
নিহত মুরাদ আহমদ
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৮:৩০
সিলেটের মিরের ময়দান এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাংলাদেশ বেতারের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমদ নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা। তিনি ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ইংরেজি শিক্ষক ছিলেন। আগামী ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল।
নিহতের ভাই মুজিবুর রহমান জানান, সকালে বিদ্যালয়ে পাঠদান শেষে দুপুরের খাবার খেতে বাসার উদ্দেশে বের হন মুরাদ আহমদ। স্কুল থেকে কয়েকশ গজ হেঁটে বাংলাদেশ বেতারের সামনে রাস্তা পার হওয়ার সময় বন্দরবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- স্কুল শিক্ষক
- নিহত