নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৮
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।
নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। পথে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।