ফেনী সীমান্তে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ার নাগরিক আটক
ফেনীর পরশুরাম নিজকালিকাপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। ছবি- সমকাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২২:৫৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ২২:৫৩
ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অস্টিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তিনি বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান।
আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- আটক
- সীমান্ত
- বিজিবি
- নাইজেরিয়ার নাগরিক