ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে মানববন্ধন
×

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সমকাল

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান।

সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নেন। এ সময় ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ।

মানববন্ধনে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠি পাঠ করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান।

মানববন্ধনে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি, সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’

এদিকে বুধবার শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরদিন মঙ্গলবার থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। বুধবার শাটডাউনের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

×