ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
×

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৫:১৩

খাগড়াছড়িতে বজ্রপাতে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহালছড়ি উপজেলায় বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা। তাঁদের চার সন্তান রয়েছে।

নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তাঁর মা ঘরের দরজায় এবং বাবা উঠান থেকে ঘরে ঢুকছিলেন। হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বজ্রপাতে ঘরের সোলার প্যানেলসহ বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে তাঁদের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে। রোববার সকালে দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে, একই দিন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়া পাড়ায় বজ্রপাতে আরও এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল শুভা চাকমা (২৮) ওই এলাকার তাং তিং চাকমার মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরের কাজের জন্য বাইরে বের হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে উঠানেই তাঁর মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, মাইসছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। একই সময়ে ভাইবোনছড়া ইউনিয়নের নোয়া পাড়ায় আরও এক নারীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন

×