ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল শিবির

নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল শিবির
×

ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার নবীনবরণ অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি উপহার হিসেবে দেয় সংগঠনটি।

এদিকে গোলাম আযমের লেখা বই দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার বিষয়টির সমালোচনা করেছেন শিক্ষার্থীদের একাংশ ও ক্রিয়াশীল সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, নবীনবরণের নামে চিহ্নিত রাজাকারদের সাধারণীকরণের চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, ‘শিবির যে জমকালো আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে উপহার সামগ্রীর মধ্যে তারা যে একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা বই আমাদের দিয়েছে তা নিন্দনীয়।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘বেশ কয়েক বছর একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থীসুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে যে দেশি-বিদেশি বাংলাদেশবিরোধী শক্তির বিনিয়োগ নেই তার নিশ্চয়তা কী? একটা হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক অঙ্গন আমরা চাই, তবে দেশবিরোধী এজেন্ডার বাস্তবয়নের বেলায় তদারকি জরুরি।’

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীনবরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে, গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তাঁর লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবির সেক্রেটারি মেহেদী হাসান সমকালকে বলেন, ‘স্বৈরাচার আমলে আদালতকে প্রভাবিত করে তাঁকে শাস্তি দেওয়া হয়। অধ্যাপক গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি শিক্ষার্থীদের যে কোনো চিন্তার বাজে দিক পরিহার করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে অত্যন্ত সহায়ক। তাই আমরা বইটির লেখকের পরিবর্তে বইয়ের মানকে গুরুত্ব দিয়েছি। এটা শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা করতে সহায়ক হবে।’

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

আরও পড়ুন

×