ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএফএফ ও সমকালের যৌথ উদ্যোগ

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ
×

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০২

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এমন প্রত্যয়ে জয়পুরহাটে শুরু হয়েছে ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে জেলা পর্যায়ের এ উৎসবে জেলার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাল্টাপাল্টি যুক্তি, তথ্য-উপাত্ত ও বুদ্ধিদীপ্ত বক্তব্যে জমে উঠেছে শিক্ষার্থীদের বিতর্কের আসর।

বুধবার সকাল ১০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. আযিযুল হাকিমসহ আয়োজক, শিক্ষক ও সংশ্লিষ্টরা।

উৎসবের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তিতর্ক। বিতর্কের মঞ্চে প্রতিপক্ষের বক্তব্য খণ্ডন করতে তথ্য, যুক্তি ও বিজ্ঞানের নানা দৃষ্টান্ত তুলে ধরেন প্রতিযোগীরা। কখনও তীক্ষ্ণ প্রশ্ন, কখনও তাৎক্ষণিক যুক্তি, আবার কখনও সাবলীল উপস্থাপনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় জ্ঞান ও যুক্তির এক মিলনমেলায়।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।

বিতর্ক উৎসবে বিচারক, মডারেটর, সময় নিয়ন্ত্রক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মডারেটরের দায়িত্ব পালন করছেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মেধা, যুক্তি ও উপস্থাপনা দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্বাচন করা হবে।

আরও পড়ুন

×