পাহারায় দূর হলো ডাকাত আতঙ্ক, ফিরেছে স্বস্তি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
এক সময় আতঙ্কের নাম ছিল সারাইগাছী-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সন্ধ্যা নামলেই সড়কে গাছ ফেলে পথরোধ, কিংবা রামদা ও লোহার রড হাতে ডাকাত দলের হামলার ভয়ে মানুষ চলাচল বন্ধ করে দিতেন। সেখানে এখন রাতেও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। গভীর রাতেও স্বাভাবিক ও নিরাপদে যানবাহন চলাচল করছে।
জেলা পুলিশের তথ্যমতে, গত বছর এ সড়কে ১৬টি ডাকাতি ও দস্যুতার মতো বড় অপরাধ ঘটলেও চলতি বছর নেওয়া বিশেষ নিরাপত্তাব্যবস্থার কারণে গত আট মাসে এখানে কোনো ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে। এরমধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা; পুরো সড়কে অন্তত ছয়টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি; যাত্রীদের সুবিধার জন্য সারাইগাছী মোড়ে পুলিশ বক্স স্থাপন; রাতে দূরপাল্লার ও পণ্যবাহী যানবাহনগুলোকে সারাইগাছী চেকপোস্টে জড়ো করে পুলিশের বিশেষ পাহারায় বা এসকর্ট দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দেওয়া; অন্ধকার ও ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সোলার লাইট স্থাপন। পুলিশের এই উদ্যোগে সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন যানবাহনের চালক, যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরা।
সিএনজি ও পিকআপ চালকরা জানান, কয়েক মাস আগেও রাত ৮টার পর এই পথে যেতে ডাকাত দলের হামলায় সর্বস্ব হারানোর পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। বর্তমানে পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে রাত ২টা বা ৩টাতেও নির্ভয়ে যানবাহন চালানো যাচ্ছে।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে ডাকাতির ভয়ে সন্ধ্যার পরপরই দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতে হতো। এমনকি বেজোড়া বাজারের মতো স্থানে একসঙ্গে একাধিক দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছিল। বর্তমানে বাজারে পুলিশের সার্বক্ষণিক টহল থাকায় রাত ১০টা পর্যন্ত নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে।
পোরশা থানার এসআই অমিত কুমার দাস জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক চেকপোস্ট ও টহল পরিচালনা করা হচ্ছে, যা ডাকাতি প্রতিরোধে বড় ভূমিকা রাখছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দায়িত্ব নেওয়ার পর পোরশা থানায় জনবল ও প্রয়োজনীয় যানবাহন বাড়ানো হয়েছে। আগের ডাকাতির মামলার আসামিদের ধরতে গঠন করা হয়েছে বিশেষ স্কোয়াড।
- বিষয় :
- ডাকাত