চট্টগ্রামে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রার
পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহানসহ তিনজনকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে দুদক সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৭
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে গতকাল মঙ্গলবার ঘুষের দুই লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গতকাল দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
দুদক বলেছে, চট্টগ্রামের জনৈক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিলে কোনো ত্রুটি না থাকার পরও সাবরেজিস্ট্রার কাজটি আটকে দেন। পরে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা চান। ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইনে ফোন করে ঘটনাটি জানান। এরপর তিনি দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ লিখিত অভিযোগ করেন।
পরে ওই অভিযোগটি চট্টগ্রাম থেকে ঢাকা দুদকের প্রধান কার্যালয়ে কমিশনে পাঠানো হয়। কমিশন অভিযোগটি পরীক্ষা-নিরীক্ষা করে ঘুষ চাওয়া সাবরেজিস্ট্রারকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। এরপর সব প্রস্তুতি সম্পন্ন করে গতকাল কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয়ের একটি টিম অভিযান চালায়।
টিমের সদস্যরা ওত পেতে ঘুষের দুই লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে। পরে তাদের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম-১ থানায় মামলা করা হয়। গতকাল তাদের আদালতে নেওয়া হলে সংক্ষিপ্ত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর অদেশ দেন বিচারক।
- বিষয় :
- ঘুষ