ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘অবুঝ শিশুর ওপর এমন বর্বরতা ক্ষমার অযোগ্য অপরাধ’

‘অবুঝ শিশুর ওপর এমন বর্বরতা ক্ষমার অযোগ্য অপরাধ’
×

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৪

| প্রিন্ট সংস্করণ

বরগুনার বেতাগীতে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর ওপর বখাটের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবুঝ একটি শিশুর ওপর এমন বর্বরতা ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন সব আসামি গ্রেপ্তার হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

স্বজনরা জানান, ১০ বছরের মেয়েটিকে স্থানীয় বখাটে ফয়সাল মৃধা উত্ত্যক্ত করে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর শৌচাগারে উঁকি দিয়ে তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করে ফয়সাল। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ নিয়ে স্বজনরা সালিশ ডাকলে ক্ষিপ্ত হয়ে ওঠে ফয়সাল। গত সোমবার বিকেল ৪টার দিকে বিদ্যালয়ে ঢুকে শিশুটিকে এলোপাতাড়ি মারধর শুরু করে সে। তাঁর লাথিতে শিশুটির তিনটি দাঁত উপড়ে যায়।
এ ঘটনায় গত সোমবার রাতে ছাত্রীর মা তিনজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেন। পুলিশ ফয়সালকে তার মা ও ভাইসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গতকালের কর্মসূচিতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলম অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×