অপ্রতিম হত্যা: অজ্ঞাত নম্বর থেকে গালিগালাজ ও হুমকির অভিযোগ পরিবারের
নিহত অপ্রতিম ও তার পরিবার
কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৫
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই অজ্ঞাত নম্বরের ফোনে গালিগালাজ ও হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পরিবার। অপ্রতিম হত্যাকাণ্ডের কয়েক দিন পর এমন ফোন পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা।
পরিবারসূত্রে জানা যায়, গত সোমবার রাতে একটি নম্বর থেকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়াকে কল দেওয়া হয়। কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। কল কেটে দিলে বারবার কল দিতে থাকেন। পরে তিনি নম্বরটি ব্লক করে দেন। এরপর আরেকটি নম্বর থেকেও তাকে বারবার কল দেওয়া হয়।
প্রতিবেদক ওই নম্বর দুটিতে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলে মারা গিয়েছে। তাকে আইফোনের জন্যই মারা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, সেটা আমরা জানি না। আমাদেরও শঙ্কা কাজ করে। মাঝেমধ্যে কিছু নম্বর থেকে কল আসে, কিন্তু পরিচয় দেয় না। সেদিন কল দিয়ে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলার পর আসামিরা আমার সঙ্গে এসে আমার ছেলেকে খুঁজেছে। এখন তাদের লিডাররাও যে আমার বাসায় এসে আমার সঙ্গে কোলাকুলি করছে না, এর নিশ্চয়তা কী! পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলছে না। কিন্তু এর একটা বিহিত না হলে কীভাবে হবে? আমরা নিরাপত্তার শঙ্কায় আছি।’
বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানান তিনি। তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা সাধারণ ডায়েরি করব এবং ডিবিকে বিষয়টি জানাব।’
রাতে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নিখোঁজ হয়। অপ্রতিমকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানোর পর সানন্দার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন ‘কেবিজি’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা হলো—মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৫)।
- বিষয় :
- অপ্রতিম
- কুমিল্লা
- কিশোর গ্যাং