ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ টাকার বিনিময়ে ভিডিও বানানোর জন্য পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, আসামি গ্রেপ্তার

১০ টাকার বিনিময়ে ভিডিও বানানোর জন্য পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, আসামি গ্রেপ্তার
×

গ্রেপ্তার আবদুল হাকিম (২৫)

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২১

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক আসামি আবদুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবদুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। সৌরভ সেই পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে থাকা ধারালো লোহার তারকাঁটা তার পায়ে বিদ্ধ হয়। এতে শিশুটি গুরুতর আহত হলে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেন অভিযুক্ত হাকিম।

পরে সৌরভের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর ২০২৫ সালের ৪ এপ্রিল মারা যায় সৌরভ।

পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান হাকিম।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ এক বছর পাঁচ মাস পর আসামি নিজ এলাকায় ফিরেছেন এমন সংবাদে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×