ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
×

খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় করেন। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৩

ময়মনসিংহ নগরীতে মাদক ব্যাবসার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় কবির ও তার সহযোগীদের এলাকাতে মাদক ব্যাবসা করতে নিষেধ করেন রাজা মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ সেপ্টেম্বর সকালে কৃষ্টপুর এলাকায় নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় রাজা মিয়ার ওপর ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার সময় কবির শাবল দিয়ে রাজা মিয়ার মাথায় তীব্র আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় আইসিইউ বেড খালি না থাকায় পুনরায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার গত শুক্রবার রাতে কবিরকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি কবিরসহ (৩০) তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দু’জন হলেন বিনু (৩৮) ও নিশাত (২৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আগের অভিযোগটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

এদিকে, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল বলেন, রাজা মিয়া দলের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং তিনি কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

×