ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের

বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের
×

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২১

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসার ক্ষেত রক্ষায় অবৈধভাবে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সাড়ে ৮টার দিকে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসার ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন কড়িয়া (লকমা) এলাকার মো. আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শসার ক্ষেত রক্ষায় জমির চারদিকে আইল দিয়ে বেড়ার সঙ্গে ছেঁড়া-ফাটা তারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসার ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জমির আইলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×