ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ইসরায়েলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলবে আয়ারল্যান্ড

যে কারণে ইসরায়েলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলবে আয়ারল্যান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২১

ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে বিতর্কিত এই ম্যাচে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ খেলোয়াড়রা।

ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়ে শনিবার পর্যন্ত অনিশ্চয়তা ছিল। খেলোয়াড়দের প্রায় চার ঘণ্টার আলোচনার পর ভোটাভুটিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা ম্যাচ খেলার পক্ষে মত দেয়। এরপরই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিশ্চিত করে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই)।

ঘটনার সূত্রপাত বোল্টন ওয়ান্ডারার্সের আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থান ঘিরে। ২৪ বছর বয়সী এই ফুটবলার গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে ম্যাচটিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করে বাজুনু লেখেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি যা হালকাভাবে নেওয়া হয়নি। নিরপরাধ মানুষকে হত্যা করা ভুল, আমার এই নীতিগত অবস্থানের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে খেলা আমার পক্ষে অসম্ভব।’

বিতর্কের কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলনও কয়েক ঘণ্টা পিছিয়ে যায়। এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কাউরেল জানান, খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ম্যাচে কালো আর্মব্যান্ড পরার পাশাপাশি আরও কিছু প্রতীকী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দলটি।

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচটি ঘিরে উত্তেজনা তৈরি হয় আরও আগেই। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসন বলেন, ‘আমরা গণহত্যার পক্ষে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ হালগ্রিমসনের এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) উয়েফার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি দেয়।

রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলের গ্রুপে একই সঙ্গে থাকা নিয়ে আগে থেকেই বিতর্ক চলছিল। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল আয়ারল্যান্ডে। একজন খেলোয়াড় ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন বলেও এফএআই জানিয়েছে।

লিগের নিয়মানুযায়ী দুই দেশ দুটি লেগ আয়োজন করবে। নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল তাদের দেশে ম্যাচ আয়োজন করতে না পারায় হাঙ্গেরিতে হচ্ছে। আগামী ৪ অক্টোবরের ফিরতি ম্যাচটি আয়ারল্যান্ড নিজেদের দেশে আয়োজন না করে সার্বিয়াতে দর্শকশূন্য মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

×