চুয়েটে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৮
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রা, ‘৫৬ কর্নার’ ও পথনাট্য কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। এ সময় তাদের হাতে ছিল ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড। পাশাপাশি ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘একটি নাম, একটি সুর– সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থীদের হাতে থাকা ‘৫৬?’ লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে মূলত অধ্যাপক সায়েমকে দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় পরিবর্তন করার কারণ নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁকে পুনর্বহালের দাবিতে গত ছয় দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রতীকী প্রশ্নযাত্রা। শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে অবস্থান নেন।
প্রশ্নযাত্রায় অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, ‘মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। ছয় দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন– এটা আর কতদিন চলবে? আমরা চাই, যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক।’
প্রতীকী প্রশ্নযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘৫৬ কর্নার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের দায়িত্বকালে চুয়েটের আধুনিকায়নে নেওয়া ১২টি উদ্যোগের কথা তুলে ধরেন।
এর পর বিকেল ৩টায় শুরু হয় পথনাট্য। এতে সায়েমকে ৫৬ দিনের মধ্যে উপাচার্যের পদ থেকে পরিবর্তন এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানের বিষয়টি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি গত ছয় দিনের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ও ঘটনাপ্রবাহও পথনাট্যের মাধ্যমে তুলে ধরা হয়।
- বিষয় :
- চুয়েট
- বিক্ষোভ
- শিক্ষার্থী
- উপাচার্য