ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মসজিদ থেকে ‘ঐতিহাসিক’ পাথর চুরির অভিযোগে ৩ জনকে পুলিশে সোপর্দ

মসজিদ থেকে ‘ঐতিহাসিক’ পাথর চুরির অভিযোগে ৩ জনকে পুলিশে সোপর্দ
×

পুলিশে সোপর্দ তিন জন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৮

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফসংলগ্ন একটি পুরোনো ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

তারা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. জেলহক (৪৭) ও মোছা. তুলি পারভীন (৩৬)। আজ রোববার দুপুরে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর রাত সাড়ে ৭টার দিকে বলেন, তিন জনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার এবং ঘটনায় আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে ঐতিহাসিক একটি পুরোনো ভাঙা মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তিন জনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক, রাশিদুল ইসলাম ও শাহেদুল ইসলামসহ অনেকে বলেন, মাজার শরীফ ও পুরোনো মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে স্থাপনা ও প্রত্ননিদর্শন সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি স্থাপনার কোনো অংশ বা পুরোনো পাথর যাতে চুরি বা নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×